মামলা জট দূর করবে ই-জুডিসিয়ারি প্রকল্প

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৯:২৮  
কভিড-১৯ চ্যালেঞ্জের মধ্যে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে শনিবার পর্যন্ত ৫০ হাজারের অধিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। নিরসন হয়েছে কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি রাখার সমস্যা। আর ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়িত হলে ৩১ লাখ মামলার জটও থাকবে না। তবে ভার্চুয়াল কোর্টকে আরো সাফল্য মণ্ডিত করতে হলে বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণ প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রবিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মুন্সিগঞ্জে নির্মিত আট তলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মুন্সিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জাকারিয়া মোল্লা বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা। আইনমন্ত্রী বলেন, ভার্চুয়াল কোর্টকে আরো সাফল্য মণ্ডিত করার জন্য প্রধান বিচারপতি যে সব পদক্ষেপ গ্রহণ করেছেন তাতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য আইসিটি বিভাগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুই হাজার ৮০০ কোটি টাকার ই-জুডিসিয়ারি প্রকল্প গ্রহণ করা হচ্ছে যা এখন পরিকল্পনা কমিশনে আছে। এ প্রকল্প কিছুদিনের মধ্যে একনেক মিটিংয়ে উঠবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ৩১ লাখ মামলার জট থাকবে না।